বিমানবন্দর থেকে শুরু করে লোকালয়- সৌদি আরবের একাধিক এলাকায় আকাশপথে লাগাতার হামলা চলছে। রিয়াধের আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলায় এক ভারতীয়-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এহেন পরিস্থিতিতে সমস্যা বাড়ছে সেদেশের ফুটবল নিয়েও। হামলার ভয়ে ম্যাচ দেখতে আসছেন না ফুটবলপ্রেমীরা। নিরাপত্তার আশঙ্কায় পিছিয়ে দেওয়া হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যাচও।
সোমবার স্থানীয় রাত সাড়ে ন’টায় ছিল আল নাসেরের ম্যাচ। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ ছিল নেফচি ফেরগানা। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই রিয়াধে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এমনকী শহরবাসীর ফোনে প্রশাসন বার্তা পাঠিয়েছে, আকাশপথে হামলা চলছে রিয়াধে। তাই সকলে যেন নিরাপদ স্থানে থাকেন। দরজা-জানলা থেকে দূরে থাকেন। তবে শেষ পর্যন্ত সোমবার রিয়াধে মিসাইল আছড়ে পড়তে পারেনি। আটকে দেওয়া গিয়েছে আক্রমণ।
এহেন পরিস্থিতিতে স্টেডিয়াম কর্তৃপক্ষ বারবার দাবি করতে থাকে, মাঠ যথেষ্ট নিরাপদ। সঠিক সময়েই ম্যাচ শুরু করা যেতে পারে। কিন্তু বেঁকে বসেন সম্প্রচারকারীরা। তাঁদের কথা শুনেই একঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। তবে ম্যাচ চলাকালীন কোনও বিপত্তি ঘটেনি। হাফটাইমের আগে নিজের কেরিয়ারের ৯৮১তম গোলটি করেন রোনাল্ডো। তাঁর দল আল নাসের ৩-১ ফলে জিতে যায় ম্যাচ। যদিও প্রশ্ন উঠছে, এহেন হামলার মধ্যে খেলা চালিয়ে যাওয়া কতখানি নিরাপদ?
প্রসঙ্গত, গত শনিবার সৌদির রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল হাউথি। এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়। রবিবার রাত ৮টা নাগাদ দাম্মামে কিং ফাহদ বিমানবন্দরের রানওয়েতেও একটি মিসাইল আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই হামলার জেরে বিমানবন্দরের একাংশে আগুন জ্বলে যায়। ভয়ংকর এই হামলার দায় স্বীকার হয়েছে হাউথিরা। দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির তরফে ১২৪টি জায়গায় বিমান হামলা চালানো হয়েছে। এরই পালটা এই হামলা। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াধে বিমান চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছে।
