জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছেন। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাঁর পুনঃজামিনের আবেদন মঞ্জুর করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
আইনজীবীদের সঙ্গে নিয়ে সশরীরে আদালতে হাজির হন আইভী। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আইভী দুই হাত মুষ্টিবদ্ধ করে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ স্লোগান দেন।
মামলার এজাহার অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এক নম্বর আসামি এবং আইভী ১১ নম্বর আসামি।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলায় পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন এবং আইভীর পুনঃজামিন আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এসব মামলায় এক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
বিআলো/শিলি