শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল মঙ্গলবার গুল-এজার বেগম সিটি করপোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।
মেয়র বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির চর্চায় গুরুত্ব দিতে হবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি।
তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে হবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মোহাম্মদ রোশাঙ্গীর, জাহেদুল হক, আবদুল আউয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ ও নুসরাত রেহেনাসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/অর্নব