২ দিনের ব্যবধানে ফের আক্রান্ত সৌদি আরবের রিয়াধের কিং খালিদ বিমানবন্দর। হাউথি হামলার জেরে দাউদাউ করে আগুন ধরে যায় বিমানবন্দরে। এই হামলায় ১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১১ জন। কিং খালিদ বিমানবন্দরের পাশাপাশি সৌদি প্রশাসনের দাবি, রবিবার আক্রান্ত হয়েছে দাম্মাম বিমানবন্দরও। সব মিলিয়ে লাগাতার হাউথি হামলায় আতঙ্ক ছড়াচ্ছে সৌদিতে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে একটি অজ্ঞাতপরিচয় বস্তু এসে আছড়ে পড়ে। বিকট বিস্ফোরণের সঙ্গে দাউ দাউ করে আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরমুহূর্তেই একটি ক্রুজ মিসাইল বিমানবন্দরের দিকে উড়ে আসতে দেখা যায়। যদিও মাঝ আকাশেই ধ্বংস করা হয় সেটিকে। এছাড়া খামিস মুশাইতের দিকে ছোড়া একটি ড্রোন এবং ব্যালেস্টিক মিসাইলও রুখে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রবিবার বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে একটি অজ্ঞাতপরিচয় বস্তু এসে আছড়ে পড়ে। বিকট বিস্ফোরণের সঙ্গে দাউ দাউ করে আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
এদিকে গতকাল রাত ৮টা নাগাদ দাম্মামে কিং ফাহদ বিমানবন্দরের রানওয়েতেও একটি মিসাইল আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই হামলার জেরে বিমানবন্দরের একাংশে আগুন জ্বলে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের সেখান থেকে বের করে খালি করে দেওয়া হয় বিমানবন্দর। ভয়ংকর এই হামলার দায় স্বীকার হয়েছে হাউথিরা। দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির তরফে ১২৪টি জায়গায় বিমান হামলা চালানো হয়েছে। এরই পালটা এই হামলা। হুঁশিয়ারির সুরে আরও জানানো হয়েছে, ইয়েমেনে হামলা বন্ধ না করলে সৌদিকে এর ভয়ংকর মূল্য চোকাতে হবে।
প্রসঙ্গত, গত শনিবার সৌদির রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল হাউথি। এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়। ভয়ংকর সেই হামলার ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ইসলামের দুটি পবিত্র তীর্থস্থানে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। পর মুহূর্তে ব্যাপক বিস্ফোরণ হয়। বিরাট উজ্জ্বল আলোর ঝলকানি। বহু মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। ফুটেজে ছাদের কিছু অংশ ধসে পড়তেও দেখা যায়। ১৩ মৃত্যুর পাশাপাশি হামলায় আরও ৩৮০ জনেরও বেশি আহত হয়েছেন। যাদের অনেকেই ভারতীয়।
