জাতীয় পার্টির ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগ সারাদেশে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে লেখেন, নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম দোসর জাতীয় পার্টি। দেশে ফ্যাসিবাদ কায়েমের সহযোগী ছিল এই জাতীয় বেঈমান পাটি ( জাপা)। ফ্যাসিবাদের অন্য দোসররা ইনু, মেননরা ৫ আগষ্টের পর কারাগারে থাকলেও জাতীয় পার্টির নেতাদের কারাগারে যেতে হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় মিটিং করেছে জাতীয় পার্টি। মূলত জাতীয় পার্টির নামে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারাই সেই মিটিং করছে।
তিনি লেখেন, আন্দোলনের নামে নিষিদ্ধ আওয়ামী লীগ যে বিশৃঙ্খলা করছে তার পরিকল্পনা হচ্ছে জাতীয় পার্টির সেই মিটিংগুলোতে। এটা পরিষ্কার যে জাতীয় পার্টির ব্যানারে সারাদেশে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এই বিষয়টি আরও পরিষ্কার যে সম্প্রতি জাপা নেতা জি এম কাদের বলেছে মাঝেমধ্যে খুনি হাসিনার সাথে তার কথা হয়, খুনি হাসিনা নাকি দেশে ফেরারও ইচ্ছাপোষণ করেছেন। এতেই পরিষ্কার যে খুনি হাসিনার নির্দেশে জাতীয় পার্টি দেশে বিশৃঙ্খলা করার পায়তারা করছে।
গণঅধিকার পরিষদের এ নেতা লেখেন , অর্ন্তবর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির বিচারের দাবি করা হলেও তখন সরকার কর্ণপাত করেনি। বর্তমানে নির্বাচিত সরকারের কাছে দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনা হোক।
