আক্রমণে কিছুটা পাল্লা দিলেও কোনো দিক থেকেই অ্যাতলেটিকো মাদ্রিদের সামনে দাঁড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ১০ মিনিটে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা আবার ১০ জনের দলে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত মাদ্রিদের ক্লাবটি ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেডকে।
ঘরের মাঠ মেট্রোপলিটনে ৫৮ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের লক্ষ্যে ৫টি শট ছিল স্বাগতিক অ্যাতলেটিকোর। বিপরীতে ৪টি শট নেয় মাইকেল ক্যারিকের ইউনাইটেড। ম্যাচের শুরুতেই তাদের জালে জড়ান পাবলো ব্যারিওস, পরে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন আদেমোলা লুকমান। ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইউরো লুকমানকে পেছন থেকে ফাউল করায় লাল কার্ড দেখেন।
শোচনীয় পরিস্থিতির বৃত্তে আটকে যাওয়া ইউনাইটেড শুরুতেই গোল হজম করে রক্ষণের নড়বড়ে অবস্থানে। ম্যাচের ৪৭ সেকেন্ডেই ডি-বক্সে প্রতিপক্ষের মুভমেন্ট বুঝে উঠতে না একপাশে সরে যান ইউনাইটেড গোলরক্ষক। সেই সুযোগে সতীর্থের পাস ফাঁকায় পেয়ে ব্যারিওস শট নিয়ে জালে জড়ান। এক ডিফেন্ডার এগিয়ে এলেও কেবলই গতি কমেছে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় দ্রুততম গোল করল অ্যাতলেটিকো। গত বছর কনর গালাঘার গোল করেছিলেন ২৭ সেকেন্ডে।
অ্যাতলেটিকো ২৭তম মিনিটে ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করতে পারতো, গ্রিমালদোর বাঁকানো শট পোস্ট ও ক্রসবারের সংযোগস্থলে লাগে। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফেরে। তিন মিনিট পর ইউনাইটেডও দারুণ সুযোগ নষ্ট করে। ব্রুনো ফার্নান্দেজ আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়াতে চাইলেও সেটি লক্ষ্যে ছিল না। পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি জোরালো শট ক্রসবারে লাগে।

খানিক বাদেই ইউনাইটেড বড় ধাক্কাটা খায় লেনি ইউরো লাল কার্ড দেখলে। ৭৪তম মিনিটের পর দলটি ১০ জনে পরিণত হয়। মিনিট পাঁচেক পর লুকমান তাদের ঘুরে দাঁড়ানোর আশাও প্রায় শেষ করে দেন। ডেভিডের শট গোলরক্ষক আটকালেও ইউনাইটেড বিপদমুক্ত হয়নি, ফলে ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন নাইজেরিয়ান উইঙ্গার লুকমান।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাইকেল ক্যারিকের ইউনাইটেড টানা পাঁচ ম্যাচ জয়শূন্য এবং দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো টানা পাঁচ ম্যাচেই জিতল। চ্যাম্পিয়ন্স লিগে ২ ম্যাচে একটি করে জয় নিয়ে দুই দলেরই পয়েন্ট সমান ৩ করে। তবে গোল ব্যবধানে ইউনাইটেড সাত এবং অ্যাতলেটিকো ১৩ নম্বরে রয়েছে।
এএইচএস
