অবসরের এক দশকের বেশি সময় পর আবার মাঠে নামছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে ১৫ নভেম্বর ফোর্লির বিপক্ষে ডার্বিতে তাঁর অভিষেক হবে।
শুক্রবার এক বিবৃতিতে ক্লাবটি এ তথ্য জানায়। ৪৬ বছর বয়সী রোনালদিনিও জুন মাসে হঠাৎ রাভেন্নার সঙ্গে চুক্তি করেন। ক্লাবটি ইতালির সিরি সি-তে খেলে। তবে এখনো তিনি রাভেন্নার হয়ে মাঠে নামেননি। রোনালদিনিও শেষবার পেশাদার ফুটবল খেলেছেন ২০১৫ সালে, তখন তিনি ছিলেন ফ্লুমিনেন্সে।
ম্যাচটি নিয়ে রাভেন্না বিবৃতিতে বলেছে, ‘এটি এমন এক ঘটনা, যা পুরো বিশ্বের দৃষ্টি স্তাদিও ব্রুনো বেনেল্লির দিকে ঘুরিয়ে দেবে।’
ক্লাব আরও লিখেছে, ‘পুরো ফুটবল বিশ্ব ভেবেছিল, এটা সত্যি হওয়ার মতো নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি বড় প্রত্যাবর্তনের কথা জানাতে পারছি। ফিরে আসছে জাদু, ফিরে আসছে সেই হাসি, আর সেই প্রতিভা, যা প্রজন্মের পর প্রজন্ম সমর্থকদের মুগ্ধ করেছে। তাঁরা যে দলেরই সমর্থক হোন, যে ফুটবল-আনুগত্যই থাকুক।’
রাভেন্নার মালিক ইনিয়াৎসিও চিপ্রিয়ানি, যিনি চিপ্রিয়ানি রেস্তোরাঁ ব্র্যান্ডের কর্ণধার। তাঁর স্বপ্ন, ব্রাজিলীয় এই তারকা রাভেন্নার জার্সিতেই ক্যারিয়ারের শেষ গোলটি করবেন।
আগস্টে সমুদ্রসৈকতে জমকালো এক অনুষ্ঠানে সমর্থকদের সামনে রোনালদিনিওকে পরিচয় করানো হয়। মৌসুম শুরুর কিছুদিন আগে এই অনুষ্ঠান হয়। সেই দিনের কথা মনে করিয়ে ক্লাব বলেছে, ‘মায়ামির ঘোষণা থেকে মারিনা দি রাভেন্নার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পর্যন্ত, অপেক্ষা বেড়েই চলেছে। এর পেছনে ছিল উত্তেজনা, কৌতূহল আর অবিশ্বাস।’
ক্লাব আরও বলেছে, ‘প্রেসিডেন্ট চিপ্রিয়ানির পরিকল্পনা সমর্থকদের কল্পনায় আগুন জ্বালিয়েছে। ইতালির সীমানার বাইরেও এ নিয়ে তর্ক উঠেছে। এখন সেই পরিকল্পনার একটি নির্দিষ্ট তারিখ এসেছে। রোনালদিনিও বেনেল্লিতে খেলবেন। এর মধ্য দিয়ে শুরু হবে এমন এক গল্পের নতুন অধ্যায়, যা কখনো অবাক করা থামায় না।’
ইতালিতে এটি রোনালদিনিওর দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানে খেলেছেন। এ ছাড়া খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইঁ ও বার্সেলোনায়। ২০০২ সালে তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন, ২০০৫ সালে জেতেন ব্যালন ডি’অর।
সিরি সি ভৌগোলিকভাবে তিনটি গ্রুপে ভাগ করা। নিজেদের গ্রুপে রাভেন্না এখন দুই নম্বরে আছে।
বিআলো/শিলি