কালবেলা · অর্থনীতি
চিকিৎসাসেবা নিতে ভারত, থাইল্যান্ড ও চীনে বিশেষ সুবিধা পাবেন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা
১৯/১০/২০২৬

মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদেশে চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ সুবিধা দিতে মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংকটি।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহক, ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারীরা ভারত, থাইল্যান্ড ও চীনে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও বিভিন্ন সহযোগিতা পাবেন।
মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত শর্তে সুবিধাভোগীরা বিমানবন্দর থেকে আনা-নেওয়া, মেডিকেল ভিসা পেতে সহায়তা, হাসপাতালে চিকিৎসকের সাক্ষাতের সময় নির্ধারণ এবং চিকিৎসা পরিকল্পনা তৈরিতে সহযোগিতা পাবেন। এ ছাড়া নির্ধারিত হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা নেওয়ার সুযোগও থাকবে।
দুই প্রতিষ্ঠানের এ অংশীদারত্বের উদ্দেশ্য হলো বিদেশে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং ব্যাংকের গ্রাহকদের জন্য অতিরিক্ত সেবার সুযোগ তৈরি করা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. জুবায়েদ উর রহমান এবং রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের সমন্বয়ক ও জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।
প্ল্যান মেডি ট্রিপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈকত ভদ্র, সহকারী ব্যবস্থাপক ফাতিমা তুজ জোহরা এবং নির্বাহী মোছা. সাদিয়া খাতুন।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রাসংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗