বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তে একটি ‘গুপ্ত দল’ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যৌথভাবে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি ও ওই দলের আচরণ এবং কথাবার্তায় মিল রয়েছে। অতীতের মতো এখনো তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ অপপ্রচার চালাত। এখন তাদের সঙ্গে আরেকটি ‘গুপ্ত দল’ যুক্ত হয়েছে। তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। রিজভীর ভাষ্য, অতীতে ওই দলটি আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছিল। পরাজিত শক্তি ও দলটির আচরণ একই রকম বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে অতীতে বিভিন্ন ধরনের অপপ্রচারের অভিযোগ তুলে রিজভী বলেন, একসময় প্রচার করা হতো, বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবেন না। তাঁর দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে, সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না।
রিজভী আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, গত ১৭ থেকে ১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার পরিবেশের প্রশংসা করেছেন বলে জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এসব লিফলেটে ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তির করণীয় সম্পর্কে নির্দেশনা রয়েছে, যা অনেকটা ব্যবস্থাপত্রের মতো কাজ করবে।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসাসেবা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের অর্থনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, সরকার যেসব প্রতিশ্রুতি দেয়, তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের মাধ্যমে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমে যাবে। এটিকে তারেক রহমানের সরকারের বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল ইসলাম বাবুল এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের নেতাকর্মীরা।
