শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘কাজের মেয়ে কারিশমা’।
ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় নির্মিত রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তাঁর বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্তকে। এ ছাড়া নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ ও সাবরিনা জারিন মিতুসহ আরও অনেকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, “রোমান্টিক-কমেডি ঘরানায় এটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল, তবে এবারের কাজটা একেবারেই বিপরীত। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এবং শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।”
‘কারিশমা’ চরিত্র নিয়ে অভিনেত্রী শায়লা সাথি বলেন, “চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের পুরো সময়জুড়ে আমরা পুরো টিম দারুণ মজা করেছি। আশা করি, দর্শকরা এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।”
নাটকের অপর প্রধান চরিত্রের অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, “অনেক দিন পর দারুণ ও ভিন্নধর্মী একটি স্ক্রিপ্টে কাজ করলাম। নির্মাতা আমাদের দারুণ সাপোর্ট দিয়েছেন এবং তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও খুব সুন্দর। দর্শকের জন্য এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য প্রযোজনা হবে।”
উৎসবের আবহ আরও রঙিন ও আনন্দময় করতে নাটকটি দর্শকদের জন্য হাসির খোরাক জোগাবে বলে আশা প্রকাশ করেছে নাট্যদল। সামাজিক প্রেক্ষাপটের ভেতরে লুকিয়ে থাকা হাস্যরসাত্মক এই গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
বিআলো/শিলি