ময়মনসিংহের ত্রিশালে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আগামী ৮ থেকে ১০ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে। এরপর আরও বড় পরিসরের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজন হতে পারে। এ বিবেচনায় ত্রিশালে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার একটি রিসোর্টে সিটি করপোরেশন আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়নে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পাশাপাশি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।
ময়মনসিংহ বিভাগকে অবহেলিত অবস্থায় দেখতে চান না জানিয়ে তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আজকের এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নততর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিক্ষার্থীদের মূল স্রোতে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে কীভাবে গড়ে তুলতে চায়, তা জানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘সৃষ্টি সুখের উল্লাসে’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে বৃহত্তর ময়মনসিংহে এ উল্লাস স্থিমিত ছিল। পড়াশোনাসহ সার্বিক কার্যক্রমে একধরনের স্থবিরতা বিরাজ করছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নেত্রকোনার বিরিশিরি এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
