নিজস্ব প্রতিবেদক
উপজেলা দিবস উপলক্ষে যশোরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ঐতিহাসিক প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উপজেলা ব্যবস্থা চালুর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের গোহাটা রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে এই কর্মসূচির সূচনা হয়।
বিকেলে গোহাটা রোড কার্যালয় থেকে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী খবির গাজীর নেতৃত্বে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যশোর শহরের প্রধান প্রধান সড়ক এবং ঐতিহাসিক দড়াটানা চত্বর প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এতে জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে যশোর প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোকবুল হোসেনের সভাপতিত্বে এক পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী বলেন, উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ের উন্নয়নকে গতিশীল করতেই পল্লীবন্ধু এরশাদ এই ব্যবস্থা গড়ে তুলেছিলেন।
উপজেলা পর্যায়ের বর্তমান রাজনৈতিক অবস্থান ও বিচারিক ক্ষমতা প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে খবির গাজী বলেন, এরশাদ সরকারের পতনের পর তৎকালীন বিএনপি সরকার অন্যায়ভাবে এই উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তা পুনরুজ্জীবিত করলেও বিচারিক কার্যক্রম উপজেলা থেকে ফিরিয়ে এনে জেলা পর্যায়ে কেন্দ্রীভূত করে। এর ফলে তৃণমূলের সাধারণ মানুষকে বিচার পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এবং চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিনি অবিলম্বে তৃণমূলের সাধারণ মানুষের সেবা সহজিকরণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে উপজেলা পরিষদকে আরও কার্যকর করার জোর দাবি জানান।
কর্মসূচিতে জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টির শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, বাদল চাকলাদার ও আবদুল লতিফ রানা। সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফসিয়ার রহমান এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির নেতা শেখ ফরিদ, আরোজ আলী, সাইদ আলম, ইকরাম হোসেন জুয়েল প্রমুখ।
প্রেস ক্লাব চত্বরে অনুুষ্ঠিত পথসভা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় পার্টির উপজেলা দিবসের দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
