জাকির হোসেন, দুলারহাট।।
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট ইউনিয়ন পরিষদে ৩০ থেকে ৪০টি স্লিপ থাকা সত্ত্বেও চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। চাল বিতরণ শেষ হয়ে যাওয়ায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে স্লিপ থাকা সত্ত্বেও সাত্তার জমাদার, রিনাসহ অনেক ভুক্তভোগী চাল পাননি। এ ছাড়া প্রকৃত জেলেদের কেউ কেউ জেলে পরিচয় থাকা সত্ত্বেও কার্ড না পাওয়ার অভিযোগ করেছেন।
এ বিষয়ে নুরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউসুফ হোসেন কবির কমান্ডার অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের কাউকে তোয়াক্কা না করে নিজের মতো করে কার্যক্রম পরিচালনা করছেন। এতগুলো স্লিপ থাকা সত্ত্বেও পরিষদে চাল না থাকা এবং ভুক্তভোগীরা চাল না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদেরের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। এরপর ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগীদের দাবি, যাঁদের কাছে বৈধ স্লিপ রয়েছে, তাঁদের চাল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত জেলেদের তালিকা ও কার্ড বিতরণ প্রক্রিয়া যাচাই করে অনিয়মের অভিযোগ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
