ইপিজেডে জামায়াতের প্রচার ও মিডিয়া দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
-
প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই নৈতিক ও সামাজিক দায়িত্ব: মুহাম্মদ উল্লাহ
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, তথ্যের সত্যতা যাচাই এবং ইতিবাচক সংবাদ প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার উদ্যোগে থানা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে পড়া রোধে মানুষকে সচেতন করতে হবে এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য প্রচার ও মিডিয়া কার্যক্রমকে আরও উন্নত ও গতিশীল করা জরুরি।
তিনি আরও বলেন, জামায়াতের তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম কার্যকরভাবে ব্যবহার করতে হবে। সত্য ও ইতিবাচক তথ্য প্রচারে সাংবাদিক ও মিডিয়াকর্মীদের উৎসাহিত করার পাশাপাশি কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করতে হবে। প্রচার কার্যক্রমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় পবিত্র কুরআনের সূরা আল-হুজুরাতের ৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে সংবাদ যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন মুহাম্মদ উল্লাহ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার সহকারী প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী মজলিসে শূরার সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইপিজেড থানা সেক্রেটারি ডা. হাবিবুর রহমান, ইপিজেড থানা বিএম সেক্রেটারি মুহাম্মদ ওসমান গনি, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাহেদ আলী, চট্টগ্রাম মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য আবদুল্লাহ রাসেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক প্রচার সম্পাদক আবু হোসাইন খান রাজিব, মো. মিজান খানসহ প্রচার ও মিডিয়া বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সমাবেশে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, তথ্য যাচাই করে প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সংগঠনের দাওয়াতি কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com
