পাবনা: জেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে চারটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলভার ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— হেমায়েতপুরের চরগোশপুর এলাকার আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার হাসেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালার চর রাম নারায়ণপুর এলাকার মৃত ঝড়ু মন্ডলের ছেলে জলিল মন্ডল (২৮) এবং মিরপুর এলাকার জসিম মন্ডলের ছেলে বাবলু মন্ডল।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পৃথক দুটি অভিযানে গত বুধবার রাতে সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে সকালের দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে অস্ত্রসহ বাকিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে এবং তারা অস্ত্র কেনা বেচা সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
