পদত্যাগ করা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। এদিকে শূন্য হওয়া আসনে বিএনপির পরবর্তী মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা ও জল্পনা চলছে। সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী, অঙ্গসংগঠনের নেত্রী এবং জেলা পর্যায়ের সংগঠকদের অনেকে মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় বিএনপির অভিজ্ঞ ও পরিচিত নেত্রীদের পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেত্রীরাও রয়েছেন। তাদের কেউ আগে সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েও পাননি, আবার কেউ সরাসরি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। মিষ্টির পদত্যাগে তাদের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে।
বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, দলটি বর্তমানে রাষ্ট্রক্ষমতায় থাকায় সংসদ সদস্য হওয়ার আগ্রহও বেড়েছে। পরিচিত নেত্রীদের পাশাপাশি অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে শূন্য আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের মধ্যেও এ আসন নিয়ে আগ্রহ রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভবন ভাঙচুরের ঘটনায় ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর রাজনৈতিক দায় নিয়ে প্রশ্নের মুখে পড়েন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে হামলা ও ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।
মিষ্টির পদত্যাগের ফলে সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পেয়ে থাকে। সে হিসাবে শূন্য হওয়া আসনটি বিএনপির ভাগে পড়েছে। নতুন সংসদ সদস্য হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নির্ধারণ করবে দলটি।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ২৭ ধারা অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। সেই বিধান অনুসরণ করে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এবার বিএনপির মনোনয়নে ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল তাদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশিত হয় এবং ৩ মে তারা শপথ নেন। দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ান ফেরদৌসী আহমেদ মিষ্টি।
The post মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা appeared first on ভোরের চেতনা.
