কালবেলা · সাধারণ
ক্যানসারে আক্রান্ত পারুলের পাশে শামিমা শিলা, দিলেন আর্থিক সহায়তা
২৫/১০/২০২৬

ক্যানসারে আক্রান্ত হয়ে ছয় মাস ধরে শয্যাশায়ী পারুল। স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন স্বামী হারুনুর রশিদ। এমন পরিস্থিতিতে পারুলের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম শিলা।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার দোহার পৌরসভার খালপাড় গ্রামে পারুলের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে পারুলের ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার পর একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে গত দেড় বছরে আবারও অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। গত ছয় মাস ধরে শয্যাশায়ী থাকায় তাঁর চিকিৎসা ও পরিচর্যা নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার।
পারুলের স্বামী হারুনুর রশিদ পেশায় একজন রং মিস্ত্রি। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের সংসার। বড় ছেলে পারভেজ রহমান জীবিকার সন্ধানে বিদেশে গেলেও এখনো কাজ পাননি। ফলে সেখান থেকে পরিবারের জন্য অর্থ পাঠাতে পারছেন না তিনি। অন্যদিকে, ছোট ছেলের বয়স মাত্র ১৪ বছর। এমন পরিস্থিতিতে হারুনুর রশিদের সীমিত আয়ে সংসারের খরচ মেটানোর পাশাপাশি স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
হারুনুর রশিদ জানান, এত দিন নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীর চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আর্থিক সংকটের মধ্যেও সংকোচের কারণে কারও কাছে সহযোগিতা চাননি। কিন্তু বর্তমানে পরিবারের আর্থিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্ত্রীর চিকিৎসার খরচ জোগানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, বড় ছেলেকে বিদেশে পাঠাতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। এতে পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটে। ছেলেও বিদেশে গিয়ে এখনো কাজ না পাওয়ায় সেখান থেকে কোনও আয় আসছে না। ফলে সংসারের খরচ মেটানোর পাশাপাশি স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।
দীর্ঘদিনের অসুস্থতা ও আর্থিক সংকটে পারুলের পরিবার এখন কঠিন সময় পার করছে। স্ত্রীর চিকিৎসা অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে উদ্বিগ্ন হারুনুর রশিদ। এ অবস্থায় পারুলের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন শামিমা রহিম শিলা।
মূল প্রতিবেদনে যান ↗