The Sangbad · সাধারণ
তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ
২২/১০/২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া বেগম (১৯) নামের তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই নারীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী কাওছার মিয়া (২৩) ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।নিহত নাদিয়া গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে হাতিখলা গ্রামের নূর চানের ছেলে কাওসারের সঙ্গে নাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক কারণে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তিনি। নাদিয়া বারবার বাবা-মাকে নির্যাতনের বিষয়টি জানালেও তারা সংসারে মানিয়ে নিতে পরামর্শ দিতেন।নিহতের মা ময়ফুল বানু অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, 'বুধবার দুপুরে নাদিয়া মোবাইলে কল করে জানিয়েছিল কিছুক্ষণের মধ্যে বাবার বাড়িতে আসবে। কিন্তু বিকেলে আর আসেনি। পরে রাত আটটার দিকে কাওছারের এক আত্মীয় ফোন করে নাদিয়া মারা গেছে বলে খবর দেয়। রাত নয়টার দিকে আমরা জামাইবাড়িতে গিয়ে দেখি ঘরের মেঝেতে নাদিয়ার লাশ পড়ে আছে। কিন্তু কাওছার বা তার পরিবারের কাউকে সেখানে পাওয়া যায়নি। আমার মেয়েটা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। ওর স্বামীই তাকে মেরে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।'খবর পেয়ে গফরগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।গফরগাঁও থানার পরিদর্শক মশিউর রহমান জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা ময়ফুল বানু বাদী হয়ে একটি হত্যা অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত কাওছার ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মূল প্রতিবেদনে যান ↗