দুর্গাপূজার বিজয়া দশমীতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান অভিনেতা বাপ্পি চৌধুরী। বুধবার (২১ অক্টোবর) সেখানে দেবী দুর্গার বিদায়ের মুহূর্তে নাচে-গানে মেতে ওঠেন অভিনেতা। সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এবার সেই ছড়িয়ে পড়া ভিডিওর এক নারীকে নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে গুঞ্জন; কে সেই নারী অভিনেতা বাপ্পি চৌধুরীর সঙ্গে?
অভিনেতার সঙ্গে ভাইরাল হওয়া সেই নারীকে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের অনেকেরই দাবি— ওই নারী নাকি বাপ্পি চৌধুরীর স্ত্রী! তবে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করলেন এ অভিনেতা। জানালেন ওই নারী তার স্ত্রী নয় বউমণি; বড়ভাইয়ের স্ত্রী।
সেদিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার বাবা, বড়ভাই ও বড়ভাইয়ের স্ত্রীও মন্দিরে উপস্থিত ছিলেন। তবে সেখানে তার স্ত্রী ছিলেন না। বাপ্পি চৌধুরী বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি। কী আর বলব! আমার বউমণিকে বৌ বানিয়ে দেওয়া হয়েছে। সে আমার বউমণি, বউ না।’ নিজের বিয়ে নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন বাপ্পি। তিনি বলেন, বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। নিজের স্ত্রীকে লুকিয়ে রাখার কোনো ইচ্ছা নেই তার।
অথচ সেই ভিডিও ঘিরে গণমাধ্যম জানিয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে পূজার আনন্দে মেতেছেন উঠেছেন অভিনেতা বাপ্পি চৌধুরী। এমনকি সিঁদুর খেলা নিয়েও শুরু হয় আলোচনা। এরপরই ভাইরাল ভিডিওতে থাকা নারীকে নিয়ে কৌতূহল বাড়তে থাকে নেটিজেনদের মাঝে।
উল্লেখ্য, অভিনেতা বাপ্পি চৌধুরী ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘জটিল প্রেম’, ‘সুইট হার্ট’, ‘নায়ক’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।