দীর্ঘ বিরতির পর এক তরুণ শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘হৃদয় দিয়েছি তোমারে’ শিরোনামের মেলো-রোমান্টিক গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী রুবাইয়েত জাহান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গানটি আসিফ আকবর তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।
প্রেম ও আবেগের মেলবন্ধনে তৈরি গানটির কথা ও সুর করেছেন তরুণ মুন্সি। সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান। গানটির কথা, সুর, সংগীতায়োজন ও দুই শিল্পীর কণ্ঠের সমন্বয়ে শ্রোতারা নতুন এক সংগীত-অভিজ্ঞতা পাবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গানটি প্রকাশ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, প্রতিটি উৎসবেই শ্রোতারা নতুন কিছু প্রত্যাশা করেন। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ‘হৃদয় দিয়েছি তোমারে’ দ্বৈত গানটি প্রকাশ করা হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার প্রচেষ্টা থেকেই গীতিকবি ও সুরকার তরুণ মুন্সি গানটি তৈরি করেছেন।
সংগীতায়োজক রাজা কাশেফের প্রশংসা করে আসিফ আকবর বলেন, তিনি একজন পরীক্ষিত সংগীত পরিচালক। শ্রোতাদের পছন্দ ও অনুভূতির বিষয়টি বিবেচনায় রেখেই গানটির সংগীতায়োজন করেছেন তিনি। অন্যদিকে, সহশিল্পী রুবাইয়েত জাহানও সংগীতজগতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন আসিফ।
জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়েত জাহানও। গানটি নিয়ে তাঁর প্রত্যাশা, শ্রোতারা এর কথা, সুর ও পরিবেশনার মধ্যে নিজেদের অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন।
উৎসবের আমেজে প্রকাশিত ‘হৃদয় দিয়েছি তোমারে’ গানটিতে অভিজ্ঞ ও নবীন শিল্পীর সম্মিলিত পরিবেশনা শ্রোতাদের কতটা আকৃষ্ট করে, এখন সেটিই দেখার অপেক্ষা।
বিআলো/শিলি