নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট সোমবার (১২ অক্টোবর) সাভারে অবস্থিত টিম গ্রুপের পোশাক কারখানা ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড পরিদর্শন করেছেন।
এ সময় তিনি কারখানাটির পরিবেশবান্ধব উৎপাদন ও শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন। পাশাপাশি টেকসই পোশাক উৎপাদন ও বাণিজ্য খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদল টিম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন নিঃসরণ হ্রাস, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা ও পণ্যের উৎস শনাক্তকরণ (ট্রেসেবিলিটি) এবং ইউরোপীয় ইউনিয়নের আসন্ন পরিবেশ ও টেকসই উৎপাদনসংক্রান্ত বিধিবিধান মোকাবিলায় প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া নেদারল্যান্ডসের পোশাক ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি, সার্কুলার অর্থনীতি, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বিজ্ঞাপন
উপমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন নেদারল্যান্ডসের টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসেইন, সলিডারিডাড নেটওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান এবং অ্যাওয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুইদ হাসান।
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব এবং ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান।
কারখানা পরিদর্শনকালে প্রতিনিধিদল উৎপাদন কার্যক্রমের পাশাপাশি ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা, শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান এবং শিশু দিবাযত্ন কেন্দ্রসহ বিভিন্ন পরিবেশবান্ধব ও শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ ঘুরে দেখে।
বিজ্ঞাপন
ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত একটি পরিবেশবান্ধব পোশাক কারখানা। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম আউটারওয়্যার পোশাক উৎপাদনকারী কারখানা হিসেবে জাতিসংঘের ‘ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশন’-এ স্বাক্ষর করেছে।
কারখানার পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে নেদারল্যান্ডসের উপমন্ত্রী স্টিভেন কোলেট বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বৈশ্বিক সরবরাহব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে এমন সব কারখানার ওপর, যারা প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করছে। ফোরএ ইয়ার্ন ডায়িং পরিচ্ছন্ন জ্বালানি ও স্বচ্ছতা নিশ্চিত করতে যেভাবে বিনিয়োগ করছে, তা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অংশীদারত্বকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বস্ত্র ও পোশাকশিল্প গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।’
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পকে আরও নিরাপদ, শ্রমিকবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তোলার যাত্রায় নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত নিয়মকানুন ও জ্বালানিসংকট আমাদের একই বার্তা দিচ্ছে—যেসব কারখানা আজ টেকসই উৎপাদনে বিনিয়োগ করছে, তারাই আগামী দিনে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। বাংলাদেশের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে আমরা কী অর্জন করতে পারি, তা তুলে ধরতে পেরে গর্বিত। নেদারল্যান্ডসের সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে আমরা আগ্রহী।’
বিজ্ঞাপন
এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে টেকসই উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ক্রমবর্ধমান গুরুত্ব এ পরিদর্শনের মধ্য দিয়ে উঠে এসেছে।
আইএইচও/এমএমএআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
