টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে বালু উত্তোলনের অপরাধে তানভীর হাসান নামের এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা এলাকায় নদী তীরবর্তী পয়েন্টে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত কয়েকজন অসৎ বালু ব্যবসায়ী ও প্রভাবশালী চক্র গত প্রায় এক সপ্তাহ ধরে বান্দরমারা-শেওড়াতৈল অংশে বংশাই নদীতে ড্রেজার বসিয়ে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। উত্তোলন করা বালু পরবর্তীতে নৌপথে বাল্কহেডে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। নদীর তলদেশ থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় দুই তীরের মাটি ধসে নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করেছে। এতে বসতভিটা, ফসলি জমি ও সরকারি-বেসরকারি নানা স্থাপনা বিলীন হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
অভিযানের বিবরণী থেকে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা বান্দরমারা এলাকায় অভিযান চালান। ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পেয়ে তিনি তানভীর হাসান নামের এক শ্রমিককে আটক করেন। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটককৃত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান, জনস্বার্থে এবং নদী ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
