আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন কীর্তি গড়লেন কোয়াজুলু-নাটাল ইনল্যান্ডের পেসার চ্যাড লেকক।
সিএসএ প্রো টি-টোয়েন্টি কাপে টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে পাঁচটি উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিলেন এই পেসার। চার ওভারে ২৬ রান দিয়ে ছয় উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যানও গড়লেন তিনি। তবে লেককের এমন অবিশ্বাস্য পারফরম্যান্স সত্ত্বেও শেষ পর্যন্ত ২১ রানে ম্যাচ জিতে নেয় টাইটান্স।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কোয়াজুলু-নাটাল ইনল্যান্ড। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন টাইটান্সের দুই ওপেনার। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ন' ওভারেরও কম সময়ে ১১২ রানের জুটি গড়ে ওঠে। ৩৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের রানকে দ্রুত এগিয়ে নিয়ে যান লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। নবম ওভারে তাঁকে ফিরিয়ে জুটি ভাঙেন লেকক।
এরপর সিনেথেম্বা কেশিলের ৪৬ এবং ডেওয়াল্ড ব্রেভিসের ৩৩ রানের ইনিংসে বড় রানের দিকে এগিয়ে যায় টাইটান্স। ১৮ ওভার শেষে তাদের স্কোর ছিল চার উইকেটে ১৯৩ রান। মনে হচ্ছিল, অনায়াসেই ২২০ রানের গণ্ডি পেরিয়ে যাবে দলটি।
কিন্তু ১৯তম ওভারে বল হাতে নিয়ে ম্যাচের ছবিটাই বদলে দেন লেকক। একের পর এক উইকেট তুলে নিয়ে টাইটান্সের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। ওই ওভারেই পাঁচটি উইকেট হারিয়ে কার্যত ছন্দ হারিয়ে ফেলে টাইটান্স। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় তারা। লেককের বোলিং পরিসংখ্যান দাঁড়ায় চার ওভারে ২৬ রান দিয়ে ছয় উইকেট—যা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ক্রিকেটে এক ঐতিহাসিক নজির।
জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে লড়াই চালায় কোয়াজুলু-নাটাল ইনল্যান্ড। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় জয়ের পথে এগোতে পারেনি তারা। শেষদিকে ব্যাট হাতে দলের হাল ধরার চেষ্টা করেন লেককও। ২৫ বলে অপরাজিত ৩১ রান করে জয়ের আশা জিইয়ে রাখলেও শেষ পর্যন্ত দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি। নির্ধারিত সময়ে ইনল্যান্ডের ইনিংস থামে ছয় উইকেটে ১৮৩ রানে।
ফলে ২১ রানে জয় তুলে নিয়ে টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখে টাইটান্স। ম্যাচের ফলাফল তাদের পক্ষে গেলেও দিনের নায়ক হয়ে থাকলেন চ্যাড লেকক। এক ওভারে পাঁচ উইকেট এবং ম্যাচে ছ' উইকেট নেওয়ার এই অবিশ্বাস্য কীর্তি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
