অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ, সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য মো. লুতফর সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরা।
সেমিনারে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মেধা ও জ্ঞান বিকাশে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে সৌজন্যমূলক উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রামের শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এমন মহতী আয়োজনের জন্য তিনি মানবসেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের যথাযথ পরিচর্যা, দিকনির্দেশনা ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা পড়াশোনায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।
মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি নয়ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মউন্নয়ন, শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে তথ্যবহুল আলোচনা করেন। এ সময় তিনি সংগঠনের অধিকাংশ সদস্য প্রবাসে থাকায় তাঁদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অভিভাবকদের পক্ষ থেকে মো. হাসব আলী বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষক ও মা-বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলেই সন্তান সুশিক্ষিত হয়ে উঠবে না; বরং তার পড়াশোনা, নৈতিকতা ও মানসিক বিকাশের বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে। শিক্ষকের পাশাপাশি মা-বাবার দায়িত্বশীল ভূমিকা সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে সহায়ক।
সেমিনার শেষে ছয়টি হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে তাদের মধ্যে ছাগল বিতরণ করা হয়। একই দিনে চিকাশী ইউনিয়নের মোহনপুর হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে দুটি ব্ল্যাকবোর্ড প্রদান করে মানবসেবা ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মেধা বিকাশ, দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে মানবসেবা ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয় সামাজিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত হয়ে উঠেছে।
The post ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার, ছাগল ও শিক্ষা উপকরণ বিতরণ appeared first on ভোরের চেতনা.
