দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে জনস্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গ নিয়ে আট জন এবং ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় তিন হাজার রোগী। এর মধ্যে হাম-উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ জন। এ সময়ে হাম-উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে হাম-উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৪ জন। একই সময়ে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
ডেঙ্গুতে আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১,৮৯৮: এদিকে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরেও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।
তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ জন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫৯ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৪১ জন, ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৮১ জন, বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে সাত জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জন চট্টগ্রাম বিভাগের।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে এক জনের মৃত্যু হয়েছে। হাম ও ডেঙ্গুতে একসঙ্গে আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে শিশুদের হাম থেকে সুরক্ষা এবং ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
বিআলো/অর্নব