রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের নতুন নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পড়ে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় মোশাররফ হোসেনের ছোট ভাই বাদী হয়ে আজ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ওসি আরও বলেন, মোশাররফ হোসেনের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নির্মাণাধীন ভবনটির তৃতীয় বেজমেন্টে সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন।
পরে মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি ক্লাবের নতুন নির্মাণাধীন ভবনে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির তৃতীয় বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, মোশাররফ হোসেনের দৃষ্টিশক্তি কম ছিল।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, মোশাররফ হোসেন ভবনটির প্রথম বেজমেন্ট থেকে তৃতীয় বেজমেন্টে পড়ে যান।
প্রথম ও তৃতীয় বেজমেন্টের মধ্যকার উচ্চতা আনুমানিক তিনতলার সমান।
তিনি আরও বলেন, অফিসার্স ক্লাবে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটি দুর্ঘটনা বলে প্রতীয়মান হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবার নিয়ে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।
পারিবারিক সূত্র জানায়, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
