প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পলায়ন করা ফ্যাসিস্ট ও গুপ্তচক্র মিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ শত্রুর উসকানির ফাঁদে পা না দেয়।’ গত কয়েক দিনে বরিশালে নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত কর্মীসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব পরামর্শ দেন।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এসব মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে অবহিত করেছেন। দেশের কয়েকটি স্থানে কলকারখানায় কিছু শ্রমিক-অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।’
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘দলীয় নেতাকর্মীদের অবশ্যই ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে, যাতে স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে কেউ দলকে দুর্বল করতে না পারে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে।’
