বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে ‘স্মার্ট বিনিয়োগ : বিনিয়োগকারীদের সচেতনতা, বাজারের স্বচ্ছতা ও প্রতারণা প্রতিরোধ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) এ বছরের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’ যার বৈশ্বিক প্রচারণার মূল স্লোগান- ‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন।’ উক্ত প্রতিপাদ্যের সাথে সাযুজ্য রেখে এ সেমিনারটি আয়োজন করা হয়।
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম।
বিশেষ অতিথির বক্তব্যে কামরুল আনাম খান বলেন, সুচিন্তিতভাবে বুঝে-শুনে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। নিজের হিসাব নিজে দেখতে হবে। আরেকজনের কথায় চললে হবে না। টাকা আপনার, বিনিয়োগের সিদ্ধান্তও আপনার। এক্ষেত্রে অন্যের সিদ্ধান্তে চললে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে।
শফিউল আজম বলেন, এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল প্রতিপাদ্য বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা। এ বিষয়গুলো আমাদের দেশের পুঁজিবাজারের জন্য খুবই প্রযোজ্য। বিনিয়োগকারীদেরকে রক্ষা করতে হলে যেসব স্টেকহোল্ডার রয়েছে তাদেরকে গেট কিপারের ভূমিকা পালন করতে হবে। কোনোধরনের প্রতারণা দেখলেই শুরুতেই তা বন্ধ করতে হবে। বাজারে প্রতারণা বন্ধ হলে বিনিয়োগকারীরা রক্ষা পাবেন।
সভাপতির বক্তব্যে ওয়াজিদ হাসান শাহ বলেন, আমাদের শেয়ারবাজারে অধিকাংশ লোক স্বল্প মেয়াদে বিনিয়োগ করে দ্রুত লাভবান হতে চান। কিন্তু পুঁজিবাজার হলো দীর্ঘ মেয়াদে বিনিয়োগের যায়গা। ভালো কোম্পানিতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
এছাড়া আলোচক সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। সেমিনারে বিআইসিএমে পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ বিআইসিএম ও বিএএসএমের সকল অনুষদ সদস্য, কর্মকর্তা ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
