ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে আনসার সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. রাকিব। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে এবং বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে ঢামেকের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, হাসপাতালের জরুরি বিভাগে ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ভুয়া চিকিৎসক পরিচয় দেয়ার কারণ সম্পর্কে আটক মো. রাকিব জানান, আমার ভাই অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অনেক চেষ্টার পরও তাকে ভর্তি করতে না পেরে একজনের বুদ্ধিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দিই। এরপরই আনসার সদস্যরা আমাকে আটক করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসককে আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পুরো বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
