ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। আটকের পর তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শাহবাগ থানাকে অবহিত করেছে পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষ।
ঢামেক হাসপাতালে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। আটক রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
তবে রাকিবের দাবি, অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করাতে তিনি ঢামেক হাসপাতালে এসেছিলেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরুরি বিভাগ থেকে আটক করার পর আনসার সদস্যরা রাকিবকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
