বাংলা সংগীতের ঐতিহ্যবাহী সুরকে আধুনিক সংগীতের ছন্দে নতুনভাবে তুলে ধরতে আসছে সাপ্তাহিক সংগীতানুষ্ঠান ‘রুটস অ্যান্ড রিদম উইথ এ এইচ তুর্য’। সংগীত পরিচালক এ এইচ তুর্যর পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি শিগগিরই সম্প্রচার শুরু হবে এন্টার টিভিতে।
দেশীয় সংগীতের শিকড়ের সঙ্গে আধুনিক সুর ও ছন্দের সমন্বয় ঘটিয়ে দর্শক-শ্রোতাদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ঐতিহ্যবাহী বাংলা সংগীতকে সমসাময়িক পরিবেশনায় উপস্থাপনের মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের কাছে নতুন মাত্রা যোগ করতে চান আয়োজকরা।
এই উদ্যোগকে এগিয়ে নিতে শিল্পী, সংগীত পরিচালক, কলাকুশলী ও সংগীতপ্রেমীদের সহযোগিতা কামনা করেছেন এ এইচ তুর্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, সবার ভালোবাসা, পরামর্শ ও অংশগ্রহণ এই সংগীতযাত্রাকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
এ এইচ তুর্যর প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় এমন কিছু সংগীত সৃষ্টি করা সম্ভব হবে, যা শ্রোতাদের হৃদয়ে দীর্ঘস্থায়ী জায়গা করে নেবে। দেশীয় সংগীতের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আধুনিকতার সঙ্গে তার সংযোগ স্থাপনই হবে এ আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য।
‘রুটস অ্যান্ড রিদম উইথ এ এইচ তুর্য’ অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সম্প্রচারের অপেক্ষায় রয়েছেন আগ্রহী দর্শক-শ্রোতারা। এ বিষয়ে জরুরি প্রয়োজনে এ এইচ তুর্যর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্সে যোগাযোগ করা যাবে।
বিআলো/শিলি