মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে অবৈধ তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার দুই সহোদর রয়েছেন।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১১-এর তথ্যের ভিত্তিতে এসআরবি-১৪-এর একটি দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে রিয়াজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় একটি হারমোনিয়ামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন তিনি। তার দাবি, সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছিলেন।
পরবর্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় সুজন বেপারীর (৩৮) বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি দল। সেখান থেকে সুজন ও তার বড় ভাই মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তারা ওই এলাকার কাসেম ব্যাপারীর ছেলে।
অভিযানকালে বাড়ি থেকে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এসআরবির ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা অর্থ অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।
এমএইচ
-aa8740.jpg&w=1440&q=75)