হিলি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক দুটি যৌথ অভিযানে ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিগুলোর সিজার মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। মূর্তিগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন গণমাধ্যমকে এ তথ্য জানায়।
এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা তিনটি কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে
আটক দুজন হলেন, সন্তোষ মাহাত (৩৫) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাত এর ছেলে। অন্যজন, সুজন চন্দ্র রায় (৩৪), একই উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জয়পুরহাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। পৃথক দুটি অভিযানে প্রথমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
