সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা কামাল বলেন, তাঁদের বাড়ির পাশে রেললাইনসংলগ্ন প্রায় ৪৯ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে তাঁরা ফসল আবাদ করে আসছেন। জমিটির পাশেই সাফ কবলা দলিলমূলে কেনা তাঁদের নিজস্ব জমি রয়েছে। তাঁর অভিযোগ, এসব তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি লিজ নিয়েছেন।
মোস্তফা কামালের দাবি, জমিটি লিজ নেওয়ার পর থেকে জুনায়েদ কবীর ও তাঁর লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি লিজসংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব মামলার কারণে তাঁর পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে রেলওয়ের ভূমি কার্যালয়ে আবেদন করার পর জমিটি তদন্ত করা হয়। তথ্য গোপন করে লিজ নেওয়ার অভিযোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিজ বাতিলের আশ্বাস দিয়েছিল বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল জমিটির লিজের বৈধতা যাচাই করে পুনরায় তদন্তের দাবি জানান। একই সঙ্গে লিজ বাতিল করে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিটি তাঁদের পরিবারের নামে বন্দোবস্ত দিতে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুনায়েদ কবীর বলেন, “লিজ নেওয়া জমির পাশে আমার জায়গা আছে। রেলওয়ে কর্তৃপক্ষ সবকিছু যাচাই-বাছাই করেই আমাকে জমিটি লিজ দিয়েছে। আমি কোনো অন্যায় করিনি।”
এ ঘটনায় জমিটির লিজের বৈধতা, দীর্ঘদিনের ভোগদখল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অভিযোগের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের আরও বক্তব্য পাওয়া গেলে বিরোধের প্রকৃত অবস্থা স্পষ্ট হবে।
The post নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবি পরিবারের appeared first on ভোরের চেতনা.
