Published on
:
1 min read
এই সময়, বনগাঁ: বাড়িতে অপেক্ষা করছিল ছোট্ট ছেলে। মা পুজোর কেনাকাটা করে বাড়িতে ফিরলে নতুন জামা পরে মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরোবে সে। কিন্তু মায়ের আর ফেরা হলো না। ছেলের জন্য নতুন জামা কিনতে বেরিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। পঞ্চমীর বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ যশোহর রোডে। মৃতার নাম প্রিয়াঙ্কা রায় (২২)। প্রিয়াঙ্কার অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের লোকজন।
বনগাঁর গোপালনগরে সুন্দরপুরে বাড়ি প্রিয়াঙ্কা রায়ের। পুজোর কিছু কেনাকাটা বাকি ছিল। বৃহস্পতিবার দুপুরের পর সাইকেল নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন ওই তরুণী। বনগাঁ শহরের একটি মল থেকে কয়েকটি জিনিস কিনে আরও কিছু কেনাকাটা করতে নেতাজি মার্কেটের দিকে সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময়ে যশোহর রোড ধরে পেট্রাপোলের দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে পড়ে যান প্রিয়াঙ্কা। ট্রাকের পিছনের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার।
স্থানীয় লোকজন তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় প্রিয়াঙ্কাকে উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন প্রিয়াঙ্কার পরিবারের লোকজন।
