সেঞ্চুরির পথে শোভনা মোস্তারিEi Samay
Published on
:
1 min read
এই সময়: একই দিনে ছেলে ও মেয়েদের সিনিয়র ক্রিকেটে ইতিহাস লিখল বাংলাদেশ। মেয়েদের সিনিয়র ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন শোভনা মোস্তারি। আবার ছেলেদের ক্রিকেটে টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের মালিক হলেন হাসান মাহমুদ।
আফগানিস্তানের বিরুদ্ধে আবু ধাবিতে এক টেস্টের সিরিজ়ের তৃতীয় দিন হ্যাটট্রিক করলেন ডান হাতি পেসার হাসান মাহমুদ। তাঁর তিন শিকার ইসমাত আলম, কোয়াইস আহমেদ ও জিয়া–উর–রেহমান। হাসানের বোলিং পারফরম্যান্স ২১–৫–৫৫–৫।
ভালো বোলিং করেন আর এক পেসার এবাদৎ হোসেনও (৪–৫৬)। আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪০ রানে। দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে স্কোর ২২৩–৬। বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ৩৪৬। এর আগে বাংলাদেশের অলোক কাপালি ও সোহাগ গাজি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের হয়ে হয়ে। দু’জনেই ছিলেন স্পিনার। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন অলোক। সোহাগের হ্যাটট্রিক ছিল চট্টগ্রামে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২০১৩ সালে।
মেয়েদের ওয়ান ডে–তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করলেন শোভনা মোস্তারি। ব্রিসবেনে পাঁচ নম্বরে খেলতে নেমে ১১৮ রানের ইনিংস খেলেন তিনি। ৭৪ রান করেন নিগার সুলতানা। বাংলাদেশ তুলেছিল ২২০–৬। তার পরেও ম্যাচ হার বাংলাদেশ। মাত্র ২৮.১ ওভারে ২২২–১ তুলে ৯ উইকেটে জয় অস্ট্রেলিয়ার। ম্যাচ জেতাল জর্জিয়া ভোল ১৩১ নট আউটের ইনিংস। ৭০ করেন ফোব লিচফিল্ড। তবে হারের মধ্যে ইতিহাস হয়ে রইলেন শোভনা।