বিনোদন ডেস্ক :: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন শনিবার (২৪ অক্টোবর)। প্রতি বছর তার জন্মদিন ঘিরে বিনোদন অঙ্গনে তৈরি হয় বাড়তি কৌতূহল।
পাঁচ তারকা হোটেলের রাজকীয় আয়োজন, চোখধাঁধানো থিম আর বাহারি পোশাকে জমকালো উদযাপন- সব মিলিয়ে দিনটি বিশেষভাবে উদযাপন করেন এই অভিনেত্রী।
তবে সময়ের সঙ্গে বদলেছে সেই আয়োজনের ধরন।
এবার জৌলুশের বদলে স্নিগ্ধতা আর প্রিয়জনদের সান্নিধ্যে জন্মদিন কাটাতে চান তিনি। আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়ে পরীমণি লিখেছিলেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। তার এই পোস্ট ঘিরে ভক্তদের মনে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।
অবশেষে জানা গেল, এবারের জন্মদিনের মূল ভাবনা শরতের স্নিগ্ধ শিউলি ফুল। সাদা মেঘ আর শিউলি ফুলের শুভ্রতায় সাজানো এই আয়োজনের মধ্য দিয়ে জীবনের নতুন বছরকে বরণ করে নিতে চান অভিনেত্রী।
একসময় পরীমণির জন্মদিন মানেই ছিল রাজকীয় আয়োজন। লাল, নীল কিংবা ময়ূরপঙ্খী থিমের জমকালো পোশাক, চোখধাঁধানো সাজসজ্জা আর তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠত অনুষ্ঠানস্থল। তবে ২০২৩ সালে প্রিয় নানা শামসুল হক গাজীকে হারানোর পর তার জীবনে এসেছে নানা পরিবর্তন। সেই শোকের ছায়ায় বদলে গেছে জন্মদিন উদযাপনের চেনা ধরনও। এখন আর আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রতি আগ্রহী নন তিনি।
এবারের আয়োজন নিয়ে পরীমণির ভাষ্য, ‘জন্মদিনে বিশাল কোনো আয়োজন বা জৌলুশ এবার থাকছে না। তবে কিছু প্রিয় ও কাছের মানুষদের নিয়ে একটা সন্ধ্যা তো কাটাতেই পারি।’
জানা গেছে, আজ সন্ধ্যায় ঢাকার পার্শ্ববর্তী একটি নিরিবিলি ভেন্যুতে বসবে ‘শিউলি সন্ধ্যা’র আসর। সেখানে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন অভিনেত্রী। বড় আয়োজনের বদলে ভালোবাসা, আন্তরিকতা আর কাছের মানুষদের উপস্থিতিকেই এবার প্রাধান্য দিচ্ছেন তিনি।
পরীমণির জীবনে এখন সবচেয়ে বড় প্রাপ্তি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়ম। ব্যস্ততা আর নানা উত্থান-পতনের মধ্যেও সন্তানদের ঘিরেই তার পৃথিবী। জন্মদিনের প্রথম প্রহরেও দুই সন্তানের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেত্রী। রাত ১২টা পেরোতেই তাদের কোমল স্পর্শ আর আদরে শুরু হয়েছে মায়ের বিশেষ দিনটি।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন পরীমণি। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে ভালোবাসা জানাচ্ছেন অনেকে। কারও চোখে তিনি গ্ল্যামারাস নায়িকা, আবার কারও কাছে নানা অভিজ্ঞতায় আরও সংবেদনশীল হয়ে ওঠা এক মানুষ। ভক্তদের শুভেচ্ছায় যেন শিউলি ফুলের মতোই স্নিগ্ধ হয়ে উঠেছে তার এবারের জন্মদিন।
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম পরীমণির। তার জন্মনাম শামসুন্নাহার স্মৃতি। শৈশব কেটেছে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। পরে বাবা মনিরুল ইসলাম তাকে পিরোজপুরে নানাবাড়িতে রেখে যান। সেখানেই নানা শামসুল হক গাজীর স্নেহ-ভালোবাসায় বেড়ে ওঠেন তিনি।
নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা) নাচ শেখা শুরু করেন পরীমণি। বিভিন্ন অনুষ্ঠানে নাচের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ পান। ‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’ ও ‘এক্সট্রা ব্যাচেলর’সহ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। পরে ‘নারী ও নবনীতা তোমার জন্য’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
২০১৫ সালে চলচ্চিত্রে নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয় তার। নজরুল ইসলাম খানের পরিচালনায় ‘রানা প্লাজা’ সিনেমায় অভিনয় করলেও নানা জটিলতায় ছবিটির মুক্তি আটকে যায়। পরে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন পরীমণি। যদিও সেসব সিনেমার অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি, আবার কিছু নির্মিত হলেও মুক্তির মুখ দেখেনি। এরপর ধীরে ধীরে অভিনয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে শুরু করেন তিনি।
‘রূপবান’ সিনেমায় গ্রামীণ তরুণীর চরিত্রে অভিনয় করে গ্ল্যামারনির্ভর পরিচয়ের বাইরেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দেন পরীমণি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। এ ছাড়া ‘বিশ্বসুন্দরী’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রের পর্দায় নানা চরিত্রে নিজেকে প্রমাণের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অধ্যায় পেরিয়ে নতুনভাবে এগিয়ে চলেছেন পরীমণি। আর এবারের জন্মদিনে তার সেই পথচলার সঙ্গী শিউলি ফুলের শুভ্রতা, প্রিয়জনদের ভালোবাসা আর দুই সন্তানের মায়ামাখা উপস্থিতি। জমকালো আয়োজনের বদলে স্নিগ্ধ এক সন্ধ্যায় জীবনের নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতেই এখন ব্যস্ত এই নায়িকা।
