সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মৎস্য বিভাগের অভিযানে এক লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৯টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এককোটি টাকা। গত শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। শনিবার সকালে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে মৎস্য বিভাগ এ অভিযান অব্যাহত রেখেছে। যা আগামী ২৯শে অক্টোবর পর্যন্ত চলবে। এ সময় বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
