ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের ছয়টি মূর্তি এবং প্রণামী বাক্সের টাকা নিয়ে গেছে চোরেরা।
সোমবার সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
মন্দির কমিটির সদস্যরা জানান, রোববার রাতে মন্দিরের মূল অংশের গ্রিলের একাংশ কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এ সময় তারা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতলের ছয়টি মূর্তি নিয়ে যায়। এ ছাড়া প্রণামী বাক্সে থাকা টাকাও লুট করে। ওই বাক্সে প্রায় ছয় মাসের প্রণামীর টাকা জমা ছিল।
সকালে পূজারি মন্দিরে এসে চুরির বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কী পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং কত টাকা খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, রাতে গ্রিল কেটে চোরেরা মন্দিরের বিভিন্ন জিনিস নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএস/
