রুপোলি পর্দায় তিনি চিরতরুণ। কখন কোন রূপে হাজির হবেন, সে নিয়ে কৌতূহল থাকেই। নতুন সিনেমার জন্য ফের নিজের ‘লুক’ বদলে ফেলেছেন অভিনেতা আর মাধবন। এখানে সেই পরিপাটি করে চুল আঁচড়ানো ‘থ্রি ইডিয়টসের’ ফারহান কুরেশি তিনি নন, বরং এলোমেলো ছন্নছাড়া চুল আর কাঁচা-পাকা দাড়িতেই নজর কেড়েছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ম্যাডি-ম্যাজিকে মজেছেন অনুরাগীরা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাধবনের চুলের ছাঁট নিয়ে। এলোমেলো স্পোর্টস মেসি হেয়ার কাট মাধবনকে বেশ মানিয়েছে। তাঁর অনুকরণ করে অনেক ছেলেই সে ভাবে চুল কাটাচ্ছেন। শুধু মেসি কাট নয়, এ বছরে চুলের আরও কিছু নতুন রকম ছাঁটের কদর বেড়েছে। পুজোর ঠিক আগে করিয়ে দেখতে পারেন।
মেসি ক্রপ
মেসি ক্রপ
মাথার সামনের দিকের চুলগুলি লেয়ার করে কেটে টেক্সচার স্প্রে বা ওয়াক্স দিয়ে সামনে ও উপরের দিকে একটু এলোমেলো ভাবে সেট করা হয়। মাথার দুই পাশ ও পিছনটা ছোট করে ছেঁটে ফেলা হয়। যাঁদের চুল সামান্য পাতলা বা কোঁকড়ানো, তাঁদের এমন চুলের ছাঁট ভাল মানাবে।
ক্রু কাট
ক্রু কাট
ক্রু কাটের বৈশিষ্ট্য হচ্ছে, মাথার পিছনের ও পাশের চুল খুব ছোট করে কাটা হয়, কিন্তু উপরের চুলগুলি ক্রমান্বয়ে কিছুটা বড় ও খাড়া করে রাখা হয়। ক্রু কাট পরিচর্যা করা খুব সহজ। চুলের এমন ছাঁটের কদর ইদানীং বেশি।
ক্লাসিক টেক্সচারড স্লিক ব্যাক
ক্লাসিক টেক্সচারড স্লিক ব্যাক
উপরের চুলগুলি কিছুটা লম্বা রেখে পিছনে আঁচড়ে দেওয়া হয়। উপরের অংশে অন্তত ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা চুল রাখা প্রয়োজন। পাশ এবং পিছনের চুল একটু ছোট করে কেটে দেওয়া হয়। এতে চুল অনেক বেশি ঘন দেখায়। পার্টি বা কোনও অনুষ্ঠানে সামনের লম্বা চুলগুলি জেল দিয়ে ভাল করে সেট করে নিলে দেখতে ভাল লাগে।
ক্লাসিক ট্যাপার
ক্লাসিক ট্যাপার
তারকাদের থেকে এমন চুলের কাটের চল হয়েছে। ছেলেদেরও খুব পছন্দ। ক্লাসিক ট্যাপার কাটে মাথার পিছনে ও কানের উপরের চুল ছোট করে কাটা হয়। কিন্তু কপালের চুল রাখা হয় লম্বা, যাতে চুলগুলি কপালের উপর ছড়িয়ে রাখা যায় বা ব্যাক ব্রাশ করা যায়।
মেসি মিডিয়াম লেয়ার
মেসি মিডিয়াম লেয়ার
কানের কাছাকাছি চুলগুলি বিভিন্ন লেয়ারে কাটা হয়। ব্লো-ড্রাই করে চুলে ঢেউখেলানো ভাব আনা হয়। তার পর হাত দিয়ে খালিকটা এলোমেলো করে দেওয়া হয়। মাধবনের মেসি কাটের সঙ্গে এমন চুলের ছাঁটের মিল সবচেয়ে বেশি। যে ছেলেদের চুল একটু লম্বা, তাঁরা এই ভাবে চুল কাটালে মুখের ভোলই বদলে যাবে।
