নাটোরের বাগাতিপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সবাইকে বাংলাদেশি হিসেবে পরিচিত হওয়ার অঙ্গীকারের কথা তুলে ধরেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল; অনুষ্ঠানে ৩০টি পূজামণ্ডপে ১৮ মেট্রিক টন চালসহ কৃষকদের স্প্রে মেশিন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘শরৎকাল, পূজোর গন্ধ, চারদিকে কাশফুল—ছোটবেলায় একটি গান শুনতাম, “আয়রে ছুটে আয়, পূজোর গন্ধে এসেছে”। এই গান এখন আমার মেয়েও শোনে, আমিও শুনি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়েছি। কখনো মনে হয়নি, আমি অন্য কোনো ধর্মের অনুষ্ঠানে এসেছি। তারাও আমাকে নিজের সন্তান হিসেবে মনে করেছেন।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—কোনো ভেদাভেদ নয়, আমরা চাই সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন। জনগণের কাছে আমরা এই অঙ্গীকার করেছিলাম। আমাদের সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ, কৃষকদের মাঝে চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের অনুকূলে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্গাপূজা সারা বাংলাদেশের একটি উৎসব। অতীতে সরকারে না থাকলেও আমরা পূজাকে আনন্দময় করতে সবার পাশে থাকার চেষ্টা করেছি। এবারও সরকারের পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনার পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবকে আরও আনন্দময় করে তুলতে হবে।
অনুষ্ঠানে উপজেলার ৩০টি পূজামণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর খাত থেকে মোট ১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়। এ ছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে ৩০টি চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা।
