কালবেলা · general
খুলনায় আট দিনে ২৫৫ গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-অস্ত্র উদ্ধার
১৪/১০/২০২৬

খুলনায় অপরাধ দমনে বিশেষ অভিযানে আট দিনে ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ৬ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলা এ অভিযানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, দস্যুতা ও অস্ত্র মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মোটরসাইকেল তল্লাশি ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ২৬৩টি মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আট দিনের অভিযানে ১৯টি মাদক মামলায় ৬৮৮ পিস ইয়াবা, ৫ কেজি ৯০৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটরসাইকেলকেন্দ্রিক অভিযানও চালানো হয়। এসব অভিযানে ১ হাজার ৭৮৫টি মোটরসাইকেল পরীক্ষা করে ২ হাজার ২৬৩টি মামলা করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ১৫৯ জনকে।
এদিকে, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, দস্যুতা ও অস্ত্র মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗