খুলনায় স্বাধীনতার পর এবারই প্রথম সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নজিরবিহীন নিরাপত্তা, আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলা ও মহানগরীর কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ উৎসব শেষ হয়েছে। সরকার এবং সরকারি দলের নেতাদের অতি আন্তরিকতায় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করায় শান্তিপূর্ণ এ অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
জেলা ও নগর পুলিশ এবং এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্গাপূজায় নজিরবিহীন নিরাপত্তা বলায় তৈরি করে। তারা প্রতিটি মন্দিরে নানা প্রকার নজরদারি তৈরি করে। গোয়েন্দাদের এ নজরদারি ছিল অন্য বছরের তুলনায় ভিন্ন ধরনের বলে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে। খুলনা জেলা ও মহানগরে মোট ৯৫৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলার ৯ উপজেলা ও দুই পৌরসভায় ৮৩৭টি এবং মহানগরে ১১৯ টি মন্দির রয়েছে।
জেলা ও মহানগর জেলা ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, জেলার ৮৩৭টির মধ্যে বিজয় দশমীর দিন ৪৩৫টি, গতকাল বৃহস্পতিবার ৪০টি প্রতিমা বিসর্জন হয়েছে। আরও ৪৭টি বিসর্জন হবে। আর বিসর্জন হচ্ছে না ৩১৫টি প্রতিমা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগরের ১১৯টি মন্দিরের ৭৪টি প্রতিমা বিজয় দশমীর দিনে এবং গতকাল বৃহস্পতিবার ১১টি বিসর্জন হয় এবং আজ শুক্রবার ৭টি প্রতিমা বিসর্জন হবে। বাকি ২৭টি প্রতিমা আগামী বছর বিসর্জন করা হবে বলে জানা গেছে।
পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সব মহলের সার্বিক সহযোগিতার কারণে এবারের দুর্গা পূজা উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিশেষ করে পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব, মণ্ডপ কমিটির সহযোগিতা, সংবাদ কর্মীদের সঠিক তথ্য প্রচার ও রাজনৈতিক নেতাদের সার্বক্ষণিক সহযোগিতাপূর্ণ আচরণ সনাতন ধর্মালম্বীদের এ উৎসবকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ইতোমধ্যে কৃতজ্ঞা জানিয়েছেন।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, এবার স্মরণকালের সেরা পূজা হয়েছে। সনাতনী ভাই এবং বোনেরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দাবি করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এবার সনাতনীদের এ সর্ববৃহৎ উৎসবে সহযোগিতা করেছে। যে কারণে কোথাও কোনো ঝামেলার খবর নেই। অনেক ধরনের গুজব রটানোর চেষ্টা করেছিল। আমরা সেটা মিথ্যা প্রমাণ করতে সমর্থ হয়েছি বলে তিনি উল্লেখ করেন।
খুলনা গেজেট/এএজে
