কালবেলা · সাধারণ
ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি
১৪/১০/২০২৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ৯ মাসের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটি ৮০৭ দশমিক ৬৮ মিলিয়ন টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ে অর্জিত ৭৪৩ দশমিক ৮১ মিলিয়ন টাকার তুলনায় ৯ শতাংশ বেশি।
গত বছরের একই সময়ের প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৬৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৮ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫২ দশমিক ৩ টাকা, যা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ছিল ৪৯ দশমিক ৫৫ টাকা।
হোম লোন স্পেশালিস্ট ডিবিএইচের আর্থিক ফলাফল সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘২০২৬ সালের প্রথম নয় মাসের আর্থিক ফলাফল আমাদের পরিচালনগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। বাজারের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আরও বেশি মানুষের নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্নপূরণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
গত তিন দশক ধরে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋণ প্রদানের মাধ্যমে বাংলাদেশে বাড়ির মালিকানা অর্জনে মানুষকে সহায়তা করে আসছে। প্রতিষ্ঠানটি প্রচলিত পদ্ধতির পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইংয়ের মাধ্যমেও আবাসন অর্থায়ন সুবিধা প্রদান করে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি মেয়াদি আমানত ও মুদারাবা আমানতসহ বিভিন্ন ধরনের আমানত সেবা প্রদান করে।
দেশজুড়ে অবস্থিত ১৯টি শাখার মাধ্যমে ডিবিএইচ গ্রাহকদের সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করেছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে খেলাপি ঋণের হার ১ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗