দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৬:৫০ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাদের আগের পদে বহাল করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।
কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য তারা আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে বহাল করা হয়।
ফতুল্লার চাঁদনি হাউজিংয়ে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-যুবদল ওন স্বেচ্ছাসেবক দলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক ঝুট সন্ত্রাসী মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১০ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অপরদিকে দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়। ৮ জুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি তাৎক্ষণিকভাবে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব যুবদল নেবে না। একইসাথে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মোফাজ্জল হোসেন আনোয়ারের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
