অদ্ভুত ও ব্যতিক্রমী পোশাকের জন্য প্রায়ই আলোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ। এবার জন্মদিনে রংবেরঙের মোমবাতি দিয়ে তৈরি পোশাক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের জন্মদিন উপলক্ষে বিশেষ এই পোশাকের ছবি ও ভিডিও প্রকাশ করেন উরফি। শরীরজুড়ে সাজানো বিভিন্ন রঙের মোমবাতি দিয়ে তৈরি পোশাকটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার অনেক অনুরাগী।
জন্মদিনের এই সাজ শুধু দেখিয়েই থেমে থাকেননি অভিনেত্রী। পোশাকটি তৈরির পেছনের কিছু দৃশ্যও ভিডিওতে তুলে ধরেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে উরফি লিখেছেন, ‘জন্মদিনের জন্য ক্যান্ডেল ড্রেস।’
প্রচলিত ফ্যাশনের বাইরে গিয়ে নতুন কিছু করার প্রবণতা উরফির দীর্ঘদিনের। কখনো অপ্রচলিত উপকরণ, কখনো অভিনব নকশা ব্যবহার করে নিজের সাজে চমক আনেন তিনি। সাধারণ উপকরণকে পোশাকের অংশ করে তোলার এমন প্রচেষ্টার কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
তবে সাম্প্রতিক সময়ে উরফির জীবনে কেবল ফ্যাশন নিয়েই আলোচনা হয়নি। গত আগস্টে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওর ক্যাপশনে নিজের মানসিক অবসাদ ও হতাশার কথা জানিয়েছিলেন তিনি। একের পর এক সুযোগ হাতছাড়া হওয়া এবং জীবনের গতি ধীর হয়ে যাওয়ায় গত কয়েক মাস কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।
এর তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতে স্যালাইনের নল লাগানো একটি ছবিও প্রকাশ করেন তিনি। তখন তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা।
সেই কঠিন সময়ের পর জন্মদিনে আবারও নিজের পরিচিত ফ্যাশন জগতে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন উরফি। মোমবাতি দিয়ে তৈরি পোশাকটি ঘিরে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও কৌতূহল।
