এবার দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। গতকাল বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দির মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য
জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ
সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্গাপূজা শুধু একটি প্রধান ধর্মীয় উৎসব নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও উদযাপিত হয়। এ উৎসব হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ধর্মের মানুষকে একত্রিত করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে তুলে ধরে।
শুভাশীষ কুমার বিশ্বাস বলেন, সারাদেশে আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। ভক্তরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে মণ্ডপে গিয়ে দেবীদর্শন ও পূজা-অর্চনা করতে পারেন, সে লক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও প্রশাসন যৌথভাবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট; কিন্তু আমরা চাইব, আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে গত ৫৫ বছরের ইতিহাসে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর যেসব হামলা হয়েছে, বড় বড় ঘটনা ঘটেছে; তার মধ্যে রামুর ঘটনা, নাসিরনগরের ঘটনা, ২০২১ সালে কুমিল্লার ঘটনা, সুনামগঞ্জের ঘটনা— এগুলোসহ যত বড় বড় ঘটনা হয়েছে আজ পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। আমরা আজকের দিনেও আপনাদের মাধ্যমে সেসব ঘটনার বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার জানান, প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।
নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা ও ৮ দফা দাবি : সংবাদ সম্মেলনে মণ্ডপগুলোর সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে ১১ দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এসব নির্দেশনার মধ্যে রয়েছে— স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র নেতৃত্বকে সম্পৃক্ত করা; সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে দিন-রাত পাহারা নিশ্চিত করা এবং স্বেচ্ছাসেবকদের তালিকা নিকটস্থ থানায় জমা দেওয়া। এছাড়া সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
পূজার সময়সূচি : আজ শুক্রবার মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজা ও দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) ও রবিবার (১৮ অক্টোবর) দুই দিন মহাসপ্তমী, সোমবার (১৯ অক্টোবর) অষ্টমী, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী। এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে এবং বিদায় নেবেন নৌকায়। এবার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি থাকছে।
