অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচেও হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে তৃতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় লাল-সবুজরা। রান তাড়ায় ১৬৪ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) হয়ে দেশে ফিরবেন নিগাররা।
প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করছে বাংলাদেশ। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের এ সিরিজ নিয়ে দলের সবাই খুব রোমাঞ্চিত ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মেলে ধরতে উন্মুখ হয়ে ছিলেন। তবে সিরিজের শুরু থেকেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। আগেই টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাঘিনীদের। গতকাল শেষ ম্যাচটি জিতলে মান বাঁচাতে পারতেন তারা। তবে সেটিও হয়নি। অস্ট্রেলিয়া নারী দলের কাছে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটাররা হতাশ করেছেন। ফিফটি করেছেন দুই ব্যাটার— শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। তিনে নেমে ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ৫০ রান করেন শারমিন। ছয়ে নামা স্বর্ণা ৭১ বলে ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সর্বোচ্চ ইনিংস। এই দুইজন ছাড়া দুই অংক ছুঁতে পেরেছেন আটে নামা রাবেয়া খান (১৩) ও নয়ে নামা দিশা বিশ্বাস (১৩*)। দুই ওপেনার মুর্শিদা খাতুন ১ ও শারমিন সুলতানা ৬ রান করেন। চারে নেমে অধিনায়ক নিগার সুলতানা ১৪ বলে ৩। দ্বিতীয় ওয়ানডেতে শতক হাঁকিয়েছিলেন সোবহানা মোস্তারি। তবে সে ছন্দ শেষ ম্যাচে ধরে রাখতে পারেননি তিনি। পাঁচে নেমে ২৪ বলে ৯ রানে আউট হন।
ব্রিসবেনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ নারী দল। উইকেট পড়ার পাশাপাশি রানও স্কোরকার্ডে জমা করতে পারছিলেন না ব্যাটাররা। নিগার সুলতানা তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৯ ওভারে ১৮। পঞ্চম উইকেটে সর্বোচ্চ ৯৮ বলে ৫৪ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ৬৮ শতাংশ ডট বল দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ান হয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার মেগান শুট। ১০ ওভারে ৫টি মেডেন পেয়েছেন তিনি।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো ছিল না। সুলতানা খাতুনের বলে দলীয় ১৩ রানে জর্জিয়া ভলের উইকেট হারায় তারা। এরপর স্কোরকার্ডে ২৫ রান জমা হতেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। বেথ মুনির উইকেট তুলে নেন দিশা বিশ্বাস। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালান এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। নারী ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার পেরি ৬৪ বলে ৮ বাউন্ডারিতে ৬৫ ও সাদারল্যান্ড ৫২ বলে ১২ বাউন্ডারিতে ৭৪ রান করেন। তৃতীয় উইকেটে তাদের ১০৪ বলে অবিচ্ছিন্ন ১৩৭ রানের সুবাদে ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে যায় অস্ট্রেলিয়া নারী দল। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন মেগান শুট।
