The Sangbad · সাধারণ
শারদীয় দুর্গোৎসবে নাসিরনগরে সম্প্রীতির বিশেষ বৈঠক সম্পন্ন
১৪/১০/২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৪২টি মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের ১৪২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথন আনন্দের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ এবং স্থানীয় প্রতিনিধি বাদল দেব, লিটন রায়, উজ্জ্বল রায়, তাপস রঞ্জন দাস ও সচিন্দ্র কুমার দাস।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ১৪২টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗