মাছ ধরার নৌকা ব্যবহার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচ্ছে বলে অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ কাজে নৌকার মালিকদের সহায়তা না করার আহ্বান জানিয়েছে জোটটি।
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড জানায়, সমুদ্রপথে চার ধরনের নৌকা ব্যবহার করে অস্ত্র চোরাচালান করা হচ্ছে।
জোটটির দাবি, এসব তৎপরতা ইয়েমেনের নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং দেশটির বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। অস্ত্র চোরাচালানে হুথিদের নৌকা ব্যবহার করতে না দিতে নৌকার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
এর আগে গত সপ্তাহে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, আঞ্চলিক একটি পরাশক্তির কাছ থেকে হুথিরা আধুনিক অস্ত্রপ্রযুক্তি পেয়েছে।
সৌদি জোটের আরও অভিযোগ, হুথিরা এসব অস্ত্র ভূগর্ভস্থ স্থাপনা, সুড়ঙ্গ ও পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখছে এবং সেখান থেকে সেগুলো ব্যবহার করছে।
এদিকে, চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যাত্রীবাহী বিমান, সাবমেরিন ও মাছ ধরার নৌকা ব্যবহার করে হুথিদের কাছে অস্ত্র সরবরাহ করছে।
তবে এসব অভিযোগের বিষয়ে হুথি বা ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
